কুমিল্লায় গাড়িচাপায় মহানগর যুবলীগের সিনিয়র সদস্য রোকন উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনিসহ আরও অন্তত ৫ জন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকায় শনিবার (২০ মার্চ) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করেছে পুলিশ।
আহতরা জানান, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল নিয়ে, যুবলীগ নেতা রোকন উদ্দিন নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। এ সময় তিনি অতর্কিতভাবে মিছিলের ওপর গাড়ি তুলে দেন। এতে দুই পায়ে গুরুতর আঘাত পান রোকন উদ্দিন। আহত হন আরও ৫-৬ জন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রোকন উদ্দিন বলেন, মিছিল নিয়ে যাওয়ার জন্য আমাদের এক ছোট ভাই রাস্তা ফাঁকা করছিল, এ সময় রাস্তা ফাঁকা পেয়ে গাড়ি তুলে দেয় আমার পায়ের ওপর। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলের পর অভিযোগ তুলে তিনি বলেন, সে এ ওয়ার্ডে কোনো কিছু করতে না পেরে এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে বিএনপি সমর্থিত কাউন্সিলর সাইফুল বিন জলিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের অনুসারী যুবলীগ নেতা রোকন উদ্দিন। সম্প্রতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন কাউন্সিলর সাইফুল বিন জলিল।


