কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। দুই পক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন অন্তত চার পুলিশ সদস্য। এ সময় আরো পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ বন্দুকযুদ্ধ হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শাখাওয়াত হোসেন জানান, তিতাস উপজেলার বাতাকান্দি-আছমানিয়া সড়কের নারায়ণপুর কবরস্থানের কাছে ডাকাতির প্রস্তুতি চলছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতারা পুলিশের উপর গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গোলাগুালিতে আল আমিন ওরফে কাওসার ও এরশাদ মিয়া নামে দুই ডাকাত নিহত হয়। নিহত আল আমিন তিতাস উপজেলার মানিকনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং এরশাদ মিয়া কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নুরুল ইসালের ছেলে। নিহত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম ও এসআই মো, সহিদুল ইসলাম পিপিএমসহ চার পুলিশ আহত হন। পুলিশ মোট ২১ রাউন্ড গুলি ছোঁড়ে। আটক ডাকাতরা হলো- কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাটপারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আরঙ্গজেব (৫০), মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়ার বিনাইঘর এলাকার আবুল খায়েরের ছেলে মো. মিলন (৩৫), সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার আনু মিয়ার ছেলে নাছির (২৭), তিতাস উপজেলার রায়পুর গ্রমের (সরকার বাড়ী) মৃত খোরশেদ আলমের ছেলে মো. শরীফুল ইসলাম (২৯), মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের পানজত আলীর ছেলে আবু মিয়া। পুলিশ জানায়, নিহত ডাকাত এরশাদের বিরুদ্ধে নয়টি এবং কাউছারের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা বিচারাধীন। আটক ডাকাত প্রত্যেকের বিরুদ্ধে তিনটির বেশি মামলা রয়েছে। নিহতদের মরদেহ প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুমিল্লার তিতাস থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।