কুমিল্লা প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের পিছনের সড়কে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। কুমিল্লায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানার এএসআই শাওন দাস জানান, রাত ৩টার দিকে নগরীর ঈদগাহের পিছনের সড়কে সিএনজি স্ট্যান্ডের পশ্চিমপাশে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে টহলরত পুলিশ ছুরিকাঘাতকারীকে ধাওয়া করে আটক করে। তার নাম হৃদয় আহমেদ। ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী বিল্লালকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন (৩০) নগরীর জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি জুয়েলারি ব্যবসায়ী। নিহতের স্ত্রী হামিদা জানান, কুমিল্লার কোতোয়ালি থানার এএসআই এ্যাপলোর সঙ্গে পুলিশের সোর্স হিসেবে কাজ করত বিল্লাল। আটক হৃদয় আহমেদ নগরীর কাপ্তানবাজার এলাকার মেহেদী হাসানের ছেলে। পুলিশ জানান, হৃদয় আহমেদ একজন ছিনতাইকারী।


