কুষ্টিয়া : আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বাজার সংলগ্ন এক আবাসিক কোয়াটারের পরিত্যক্ত ভবনের পিছনে এই ঘটনা ঘটে। নির্যাতনকারী লম্পটকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৮ বছরের কন্যা শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার এক দিনমজুরের কন্যা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৮) উপজেলার আবাসিক কোয়াটারের পরিত্যক্ত ভবনের পিছনে আমগাছের পাতা কুড়াচ্ছিল। এ সময় দৌলতপুর কলেজপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে ফয়সাল (১৬) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল তাকে মারধর করে ডান হাত ভেঙে দেয় এবং গলাটিপে হত্যার চেষ্টা করলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। তখন ফয়সাল পালিয়ে যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের ডা. অরবিন্দু পাল জানান, মেয়েটির ডান হাত ভাঙাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি অবগত হওয়ার পর দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের তৎপরতায় পুলিশ তাৎক্ষণিক লম্পট ফয়সালকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।


