জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা না মেনে কুড়িগ্রাম শহরে অহেতুক ঘোরাফেরা করায় ৪০টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশের একটি টিম চেকপোষ্ট বাসিয়ে এসব মোটর সাইকেল আটক করে।
ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে শহরের প্রবেশমুখ ত্রিমোহনী, কেতারমোড় ও ধরলাব্রিজে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া শহরের ভেতরে যারা অহেতুক ঘোরাফেরা করছেন, তাদের মোটর সাইকেল আটক করা হচ্ছে।
তিনি জানান, যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। অপরদিকে যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারায় ৪০টি মোটর সাইকেল আটক করে কুড়িগ্রাম সদর থানায় জমা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে সেগুলো প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


