কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রথমবারের মত অনলাইনে ভার্সুয়াল মামলার শুনানীতে ১০জনের জামিন মন্জুর হয়েছে।বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম আদালতে গঠিত দুটি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি মামলার শুনানীতে ৫টি দন্ডবিধির মামলায় ১০ জনের জামিন হয়েছে। অপরদুটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা গুরুতর অপরাধ বিধায় বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। কুড়িগ্রাম কোর্ট-১ পরিচালনা করেন বিচারক মো. শেফাত উল্লাহ এবং কোর্ট-২ এ ছিলেন অপর বিচারক মো. সুমন আলী।
এ ব্যাপারে কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, মহামান্য হাইকোর্ট থেকে পরিপত্র জারি হওয়ার পর কুড়িগ্রামে ২টি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলা পরিচালনার সিদ্ধান্ত হয়।ভার্সুয়াল শুনানীর জন্য ৮টি আবেদন করা হয়েছিল। এরমধ্যে ৭টির শুনানী অনুষ্ঠিত হয়েছে। ৫টিতে ১০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে এবং ২টি মামলা গুরুতর বিধায় বিচারক জামিন না মঞ্জুর করেছেন। এটি নি:সন্দেহে সরকারের একটি ভাল উদ্যোগ।


