কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ব্রীজ নির্মাণে ধীর গতির ফলে বিপাকে ৫টি ইউনিয়নের প্রায় ২লক্ষাধিক মানুষ।
জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় দেশের ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, বেগমগঞ্জ,সাহেবের আলগা, ভোগডাঙ্গা, পাঁচগাছী যাওয়ার রাস্তার এই ব্রিজটি দীর্ঘ ২ বছর থেকে নির্মাণের কাজ চললেও অনিয়ম ও দুর্নীতির ফলে ব্রিজের এক চতুর্থাংশ নির্মাণ না হওয়ায় ২ লক্ষাধিক পথচারী ও ব্যবসায়ী মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে।
নির্মাণাধীন ব্রিজের পার্শ্ব রাস্তায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা ও নির্দিষ্ট সময়ে ব্রিজটি নির্মাণ না হওয়ায় গত কয়েকদিনের ভারি বর্ষণে উত্তরের নিম্নাঞ্চল ডুবে শত শত একর জমির রবি শস্য ডুবে যায়। পরে এলাকাবাসী এই পার্শ্ব রাস্তাটি কেটে দিলে সেখানে প্রবল স্রোতের সৃষ্টি হয়।অপরদিকে, গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ না হওয়ায় পণ্যবাহী যানবাহন পাড়াপাড় না হতে পেরে ঐতিহ্যবাহী কয়েক হাট-বাজার থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অযোগ্য ঠিকাদারকে কাজ দেয়ায় গত ২ বছরে ব্রিজের পিলারের গ্রাউন্ড নির্মাণ পর্যন্ত হয়নি।
এ ব্যাপারে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো. আব্দুল আজিজ ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অযোগ্য ঠিকাদারকে কাজ দেয়ায় নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত হচ্ছে না। শুধু ব্রিজ নির্মাণ কাজই না, বিভিন্ন কাজ তদারকিতে তার কোনো প্রকার দায়িত্ববোধ নেই। আমি তার বিরুদ্ধে ইতোমধ্যে উপরে অভিযোগ করেছি।


