শরীয়তপুরের জাজিরা উপজেলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে পুলিশ দেখে পালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। এক পর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রত সরে যান।
পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও বিশেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।


