জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনের আওতায় না এলেও ছাড়পত্র পেয়েছেন ১৫ জন প্রবাসী। এ নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না থাকায় জেলায় মোট ৫৮৯ জনের মধ্যে পর্যায়ক্রমে ছাড়পত্র পেয়েছেন ৫০২ জন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে এতথ্য জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি বলেন, জেলায় এ যাবত ৫৮৯ জন বিদেশফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ১৫ জনসহ পর্যায়ক্রমে ৫০২ জনকে ছাড়পত্র দেওয়া হলো। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৮৭ জন।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনের আওতায় আসেনি। তবে পর্যায়ক্রমে বেশিরভাগ প্রবাসীই কোয়ারেন্টিন মুক্ত হচ্ছেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে থাকার পর করোনার কোনো লক্ষণ না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে করোনা সন্দেহে দু’জন রোগীর নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে। আরও কয়েকজনের নমুনা পাঠানো হয়েছে। দু’একদিনের মধ্যে তাদের প্রতিবেদনও চলে আসবে।


