অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ আরচ্যারী ফেডারেশনসহ অনেকগুলো খেলাকে প্রাধান্য দিয়ে সেগুলো উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের টার্গেটই হচ্ছে, যে খেলাগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে ভাল করছে, আমাদের দেশের সম্মান বয়ে আনছে তাদের জন্য অতিরিক্ত সুবিধাদি এবং ট্রেনিং এর জন্য বরাদ্দ দেয়ার চিন্তা ভাবনা করছি। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য যা যা করা দরকার তা করবে সরকার। গতকাল সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের উদ্যোগে প্রতিমন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রি প্রদান করা হয়। এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন এবং আরচ্যারী ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


