ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের হয়ে তিনি পাঁচশ’র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলেছেন পাঁচটি বিশ্বকাপ, ছয়টি চ্যাম্পিয়নস ট্রফি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে শহীদ আফ্রিদির অবশ্য অন্যরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অ্যাম্বাসেডর তিনি। টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচই ভারতের বিপক্ষে। ভক্ত-সমর্থকদের মতো আফ্রিদি নিজেও ম্যাচটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন। ‘ক্লাসিক’ ভারত-পাকিস্তান ম্যাচের আশা করছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক।
সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে আফ্রিদি বলেছেন, ‘বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ থেকে মাত্র এক মাস দূরে আমরা- এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের মতো আমিও এই ম্যাচটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীর মধ্যে অত্যন্ত এন্টারটেইনিং একটি ম্যাচ দেখার প্রত্যাশা করছি, যাদের মধ্যে একটি সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস আছে।’
আইসিসি ইভেন্টে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফিতেই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। সেই সাফল্য পাকিস্তান এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনবে বলে বিশ্বাস আফ্রিদির, ‘চ্যাম্পিয়ন ট্রফিই একমাত্র আইসিসি ইভেন্ট যেখানে পাকিস্তান ভারতের বিপক্ষে সাফল্য পেয়েছে। আমরা এজবাস্টনে ২০০৪ সালের ম্যাচটি জিতেছি এবং তারপর সেঞ্চুরিয়নে ২০০৯ সালের ম্যাচ জিতেছি। আমি আশাবাদী পাকিস্তান এজবাস্টনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বৈশ্বিক ইভেন্টে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড উন্নত করবে।’
আগামী ৪ জুন হতে যাওয়া ম্যাচে অবশ্য ভারতকেই এগিয়ে রাখছেন আফ্রিদি। ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও সেটিকে চ্যালেঞ্জ জানানোর মতো বোলিং লাইনআপ পাকিস্তানের আছে বলে মনে করেন ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি, ‘এজবাস্টনের আসন্ন ম্যাচটিতে আমি সত্যিই আশা করছি, আমরা একটি ক্লাসিক ইন্দো-পাক ম্যাচে দেখব। আমাদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি ভারত মানসিকভাবে এগিয়ে থাকবে। তারুণ্যের সঙ্গে শক্তিশালী ব্যাটিং ওদের। যেটিকে সমর্থন জোগায় আক্রমণাত্মক বোলিং লাইনআপ। তবে আমি মনে করি পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ আছে, যা ভারতীয় ব্যাটিংকে বিশেষ করে ইংলিশ কন্ডিশনে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে সব সময়ের মতো ম্যাচটা স্নায়ুর পরীক্ষা হবে।’


