মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : আগাম আলু চাষ করে কৃষকেরা লোকসান গুনছেন। এবার বীজআলুর দাম ছিল বেশি। আবার ফলন হয়েছে কম। বাজারে নতুন আলুর দামও কম। এ কারণে কৃষকেরা হতাশ। গত শনিবার উপজেলার পাকেরহাটে প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হয়েছে ৯ থেকে ১০ টাকায়। আর লাল গুটি আলু বিক্রি হয়েছে ১৬ থেকে ২৫ টাকায়। বর্তমান দামে বাজারে আলু বিক্রি করে বিঘাপ্রতি ৮ থেকে ৯ হাজার টাকা লোকসান গুনছেন চাষিরা।
খানসামা উপজেলার পাকের হাট, কাচিনিয়া, খানসামা সহ বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি আগাম গেনুলা সাদা আলু ৯ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি লাল গুটি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ২৬ টাকায়।
ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী বলেন, একবিঘা জমিতে আলুর চাষ করে তাঁদের খরচ হয় ১৬ থেকে ১৭ হাজার টাকা। এবার বীজআলুর দামও ছিল চড়া। ৮০ কেজির প্রতি বস্তা আলু তাঁদের কিনতে হয়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। কীটনাশকের দামও বেশি। এবার আগাম জাতের আলু খেতে নাবিধসা রোগ দেখা দেয়। এ কারণে আলুর ফলন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। কৃষকেরা গত বছর প্রতি বিঘা জমিতে ৫০ থেকে ৬০ মণ আলু পেয়েছিলেন। এবার প্রতি বিঘায় আলু হয়েছে ৩০ থেকে ৪০ মণ।

Exif_JPEG_420
উপজেলার ভান্ডারদহ গ্রামের কৃষক মোঃ সহিদুল ইসলাম বলেন, তিনি চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। প্রতি কেজি আলু ৯ টাকা দরে বিক্রি করেন। প্রতি বিঘায় তিনি ৩০ থেকে ৪০ মণ আলু পেয়েছেন। এক বিঘা জমিতে আলু আবাদে বীজ, সার, কীটনাশক, সেচ, হালচাষ, মজুরি মিলিয়ে তাঁর ১৬ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর এ সময় প্রতি মণ আলুর দাম ছিল ৮০০ টাকা।
ভেড়ভেড়ী গ্রামের কৃষক আফছার আলী বলেন, তিনি ৭ বিঘা জমিতে আলু চাষ করেছেন। আর কিছুদিন পর আলু তুলবেন। কিন্তু এখনই বাজারে আলুর দামে কম। এতে তিনি হতাশ।
খামারপাড়া গ্রামের কৃষক আঃ জব্বার সাড়ে ৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার মধ্যে দুই বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেন। প্রায় ২০ দিন আগে তিনি ২১ থেকে ২২ টাকায় প্রতি কেজি সাদা আলু বিক্রি করেন। এখন তা বিক্রি করতে হচ্ছে ৯ টাকায়।
পাকের হাট বাজারের আলু ব্যবসায়ী মোঃ মোজাহারুল ইসলাম বলেন, হিমাগার গুলোতে পুরাতন আলু এখন পর্যন্ত পর্যাপ্ত থাকায় দিন দিন স্থানীয় বাজার ও ঢাকার বাজারে আলুর দাম কমে যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, উপজেলায় চলতি মৌসুমে ৩৮৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এবার ৩৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
খানসামা উপজেলা কৃষি অফিসার মোঃ আফজাল হোসের বলেন, বর্তমানে আলুর সরবরাহ বেশি হওয়ায় তুলনামুলক ভাবে আলুর দাম কম। কিছুদিন পর আলুর পুরো মৌসুমে হিমাগারে রাখার জন্য ব্যবসায়ীরা আলু কিনতে শুরু করবেন। তখন কৃষকেরা আলুর ভালো দাম পাবেন বলে আশা করা যাচ্ছে।


