তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে নিহত হলেন ছোট ভাই ও আহত হলেন আপন বড় ভাই।
নিহত ব্যাক্তি হলেন পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাজেডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছোট ছেলে মোটরসাইকেল চালক চন্দন কুমার রায় নরেশ (৪০) নিহত ও তার আপন বড় ভাই বিজয় কুমার রায় (৪৫) আহত হয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় খানসামা পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত ব্যাক্তির আপন বড় ভাই বিজয় কুমার রায় গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি শাখায় কর্মরত।তাকে কর্মস্থলে পৌঁছে দিতে নিহত ছোট ভাই চন্দন রায় বাজেডুমুরিয়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন। পথে খানসামা বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাঠবোঝাই একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভাই মোটর সাইকেল থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় চন্দন রায়।বড় ভাই বিজয় কুমারকে আহত অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবার লোকজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


