ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সিং অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান খালিদ লতিফকে। সেই সঙ্গে ১০ লাখ রুপি জরিমানা করা হয় তাকে।
তবে পাকিস্তান ক্রিকেট লিগে গুরুতর ফিক্সিং অপরাধে খালিদ লতিফের এত অল্প শাস্তিতে সন্তুষ্ট নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে দুর্নীতি দমন ইউনিটের কাছে আবেদন করেছে পিসিবি।
পিসিবির লিগ্যাল অ্যাডভাইজর তাফাজ্জুল রিজভী জানিয়েছেন স্বাধীন বিচারকের কাছে লতিফের আজীবন নিষেধাজ্ঞা চেয়েছেন তারা। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তিতে আমরা সন্তুষ্ট নই। আমাদের নীতি পরিস্কার। খেলোয়াড়দের অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতার পর্যায়ে রয়েছি।’
লতিফের অপরাধ নিয়ে পিসিরি লিগ্যাল অ্যাডভাইজর আরও বলেন, ‘আমরা দোষী খেলোয়াড়দের আবারও খেলায় দেখতে চাই না। যারা দুর্নীতি কোডের আওতায় দোষী হিসেবে সাব্যস্ত হয়েছেন। তাদের শাস্তি দিয়ে আমরা অন্যদের জন্য একটি দৃষ্টান্ত রাখতে চাই।’
পাকিস্তান সুপার লিগে ফিক্সিংয়ের কারণে খালিদ লতিফ সহ শারজিল খানকে শাস্তি দিয়েছে পিসিবির গঠিত তিন সদস্যের দুর্নীতি দমন ইউনিট। ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির ব্যাটসম্যান সারজিল খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। তাকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। তবে খালিদ লতিফের শাস্তি গুরুতর হওয়ায় তাকে আরও কঠিন শাস্তি দেওয়ার পক্ষে পিসিবি।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এর আগে কেবল একজন ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০০০ সালে স্পট ফিক্সিং অপরাধের জন্য দেশটির প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান সালিম মালিক আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন।


