খুলনার বাজারে উপচেপড়া ভিড়, রাস্তায় যানজট

জেলা প্রতিবেদকঃ ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানা সচেতনতামূলক মাইকিং চলছে। খুলনা মহানগরীর গল্লামারি বাজারে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই চলছে মাইকিং। এছাড়াও বাজারের প্রবেশদ্বারগুলোতে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। অথচ সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতা-বিক্রেতারা। ক্রেতাদের মুখে নিম্নমানের মাস্ক পরা থাকলেও বিক্রেতারা ব্যবহার করছেন না মাস্ক কিংবা গ্লাভস। বাজারে কেনাকাটায় উপচেপড়া ভিড়। স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি আর হুড়োহুড়ি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। বিশেষ করে মাছের বাজারে তিল পরিমাণ জায়গা নেই।
খুলনার বৃহত্তম বাজারের নাম বড়বাজার। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে এখানে আসেন ব্যবসায়ীরা। সেখানে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়। খুলনায় যে লকডাউন চলছে তা বোঝাই যাচ্ছে না।
গা ঘেঁষে দাঁড়িয়ে, গাদাগাদি অবস্থায় হাঁটাচলা করে, কেনাবেচায় ব্যস্ত নারী-পুরুষ। সামাজিক দূরত্ব মেনে চলার মতো যে কোনো বিষয় রয়েছে, তা সেখানে গেলে বোঝার উপায় নেই।
করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত হলেও বড় বাজারের রাস্তায় লোক সমাগম ও যানবাহন চলাচল দেখে এর কিছুই বোঝা যাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত আগের মতোই রাস্তায় যানজট লেগে থাকছে। বাজারে মানুষের উপচেপড়া ভিড়। বিশেষ করে ওয়েস্ট মেকড রোড,  ভৈরব স্ট্যান্ড রোড, কালীবাড়ি রোড, কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোডের একাংশে যানজট লেগেই আছে।
যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। প্রশাসন শক্ত হলেও সামাল দেওয়া যাচ্ছে না। জনগণকে বোঝানো যাচ্ছে না।
কয়েকজন বিক্রেতার কাছে সামাজিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে তারা প্রসঙ্গটি হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের কিছু হবে না। ব্যবসা না করলে খাবো কী?’
আর ক্রেতারা বলছেন, ‘রমজানের কেনাকাটা একটু আগেভাগে করতেই বাজারে এসেছি।’
বড়বাজারের মেসার্স মুরাদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক জিয়াউল হক মিলন বলেন, ‘ঈদের বাজারের মতো ক্রেতারা আসছেন। বিক্রিও ভালো। তবে দুঃখজনক হলেও সত্য পুলিশ ও সেনাবাহিনী এমনকি দোকান মালিকরা সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বার বার অনুরোধ করলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই বেশিরভাগ মানুষের।
তিনি জানান, টানা কয়েকদিন বড়বাজারে এত ভিড় যে যানজট লেগেই থাকে। বোঝার উপায় নেই খুলনায় লকডাউন চলছে।
বড়বাজারে ভিড় ও যানজট প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু  বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানাচ্ছি। এখনই ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহন ছাড়া অন্য সবার ক্ষেত্রে খুলনা মহানগরী এলাকা থেকে প্রস্থান এবং আগমনে বন্ধ রয়েছে। তারপরও যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘জলকামান দিয়ে প্রতিদিন নগরীর রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লোকজনকে অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।’