গাইবান্ধা প্রতিনিধি : ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে তার স্ত্রীসহ ৪ জন সফরসঙ্গী ছিলেন। এর আগে বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি কাটাখালী হেলিপ্যাডে অবতরণ করে।
জেনারেল বিপিনের সফর উপলক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিস্তম্ভ সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।
ভারতীয় সেনা প্রধান স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ১১ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোশফেকুর রহমান এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, ১৯৭১ সালে কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনাপ্রধান গোবিন্দগঞ্জ আসেন। এরপর তিনি হেলিকপ্টারে বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হন।


