অমল ঘোষ, টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার আইনশৃংখলা নিয়ন্ত্রন, মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ও প্রশংসনীয় ভুমিকা রাখায় ইসমাইল হোসেনকে শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। গত বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে অনুষ্ঠিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ থানা, বিশেষ পুরস্কারসহ নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। এ সময় পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান গাছা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ইসমাইল হোসেনের হাতে ক্রেষ্ট প্রদান করেন। ক্রেষ্ট প্রদানকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী শেষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর/১৮ইং মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।


