গাজীপুরে এক অগ্নিকাণ্ডে ঝুটের চারটি গুদাম পুড়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক অগ্নিকাণ্ডে ঝুটের চারটি গুদাম পুড়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। কাশিমপুর ডিবিএল (মিনি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন নূর ইসলাম, ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম ও শাহ আলম ফকিরের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ৫ ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নেভান। আগুনে ওই চার গুদামে থাকা ঝুটসহ মালামালা এবং গুদাম ঘর পুড়ে গেছে।