গাজীপুরের টান কড্ডা ব্রিজ সংলগ্ন তুরাগ নদের একটি খালে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে টান কড্ডা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই স্কুলছাত্র হলো-গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকার রবীন্দ্রনাথের ছেলে দুর্জয় (১৪) ও জামালপুরের বকশীগঞ্জ থানা এলাকার আবু সায়েদের ছেলে সাকিবুল (১৬)।
সাকিবুল পরিবারের সঙ্গে নাওজোর এলাকায় বাসা ভাড়া থাকতো।
বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহাদত হোসেন জানান, টান কড্ডা ব্রিজের পাশে তুরাগ নদের একটি খালে ছয় বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় তারা গাড়ির টিউব দিয়ে সাঁতার কাটছিল। এক পর্যায়ে টিউবটি উল্টে যায়। এ সময় চার বন্ধু সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও সাকিবুল ও দুর্জয় তলিয়ে যায়।
পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালায়। ওই দুই ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় তাদের খোঁজাখুঁজির চেষ্টা চলছে। নিখোঁজ সাকিবুল স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ও দুর্জয় অষ্টম শ্রেণির ছাত্র।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাইফুল ইসলাম জানান, খালে প্রচন্ড স্রোত। অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যবহত হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও ওই দুই ছাত্রকে উদ্ধার করা যায়নি


