নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এটি এই সিটির দ্বিতীয় নির্বাচন হলেও দলীয় প্রতীকে এবারই প্রথম নির্বাচন।
ভোটারদের কৌতুহল নৌকা ও ধানের শীষের প্রার্থী নিয়ে। কারণ, এই দুই প্রতীকে কে প্রার্থী হচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। সিটি করপোরেশনের সর্বত্র এখন সে আলোচনারই ঢেউ।
নির্বাচনী তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রীতিমতো শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ। রাস্তা-ঘাট, অলি-গলিসহ সর্বত্র আগ্রহী মেয়র প্রার্থীদের পোস্টার, ব্যানার দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জারে কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নৌকার মাঝি আখ্যা দিয়ে চালাচ্ছেন প্রচারণা। আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগ আহবায়ক কামরুল আহসান রাসেল সরকার ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম।
অপরদিকে বিএনপিতেও চলছে মনোনয়ন যুদ্ধ। বর্তমান মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক এম এ মান্নান তো রয়েছেনই, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান হাসান উদ্দিন সরকারও মনোনয়নের শক্তিশালী দাবিদার। এ দুজন নেতাই নির্বাচনের জন্যে প্রস্তুত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়াও মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকার।
বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, ‘দায়িত্ব গ্রহণ করার পরে থেকে মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমি চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনের জন্য শারীরিক-মানুষিক সবদিক থেকে প্রস্তুত আছি। এখন দলীয় সিদ্ধান্তের ব্যাপার।’
গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, ‘গত নির্বাচনের পরদিন থেকেই আমি নির্বাচনী মাঠে আছি। দীর্ঘদিন যাবৎ আমাদের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকার জনগণের সাথে থেকে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি। আশা করি দল আমাকে মুল্যায়ণ করবে।’
মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক সিটি করপোরেশন গড়তে চাই। সেজন্য আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তি সবার কাছে, প্রত্যেকটি ভোটারের কাছে নৌকার জন্য ভোট চাই।’
বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘গতবারও প্রার্থী ছিলাম। এবারও প্রার্থী। নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করার ইচ্ছা পোষণ করি।’
বড় দু দলের সম্ভাব্য প্রার্থী ছাড়াও মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আশায় নগরের বিভিন্ন এলাকায় বিলবোর্ড, পোস্টার লাগিয়েছেন ও গণসংযোগ শুরু করেছেন জাসদের মহানগর সভাপতি রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজত ইসলামের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও তাদের সমর্থকরা।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী, গাজীপুর সিটির নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলকে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৭ টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এই সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন বিএনপি সমর্থিত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক এম এ মান্নান।


