গাজীপুর সিটি নির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুর সোয়া ১টার দিকে তিনি তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আব্দুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

উল্লেখ্য, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামী ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।