গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সালমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী কামরুল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোছা. হোসনে আরা আক্তার এ রায় দেন। একই সঙ্গে এ মমালায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এদিকে, এ ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি কামরুল ঢালী দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে থাকার পর আজ কোর্টে হাজিরা দেওয়ার পর রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে আদালত চত্বর থেকে সটকে পড়েন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কামরুল ঢালী শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের মৃত বাক্কার ঢালীর ছেলে।

এ মামলার খালাস পাওয়া আসামিরা হলেন- কামরুল ঢালীর বোন মলিদা খাতুন, ভগ্নিপতি নাজির গাজী ও চাচাতো ভাই মাহমুদ ঢালী।

মামলার বিবরণে জানা যায়, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের সুন্নত আলী মোল্যার মেয়ে সালমা খাতুনের সঙ্গে ২০০৫ সালে একই উপজেলার মীরগাং গ্রামের কামরুল ঢালীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে কামরুল ঢালী তার শ্বশুর বাড়ি থেকে ১০ হাজার টাকা মূল্যের একটি কাঠের তৈরি নৌকা নেয়। বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপরও প্রায়ই কামরুল ঢালী তার স্ত্রীকে য়ৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এরই জের ধরে ২০০৯ সালের ২৪ জুলাই দুপুরে কামরুল ঢালী তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে তিনি তার স্ত্রী সালমা খাতুনের মুখে শাড়ি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দেন। ওই দিনই শ্যামনগর থানায় ২২/৯ নম্বর একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে, সালমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিয়ে তার পরিবারের লোকজনের সন্দেহ হলে নিহতের ভাই রাশেদুল মোল্যা বাদী হয়ে স্বামী কামরুল ঢালীকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার এসআই অমিনা রানী দাস ২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি এ মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর ছিদ্দিক। অপরদিকে, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি জহুরুল হায়দার।