গোখাদ্যের আকাশচুম্বী দাম, খামার বন্ধ করে দিচ্ছেন খামারীরা

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গোখাদ্য হিসেবে ডাল-খৈল, ভুসির চেয়ে খড়ের চাহিদা সবথেকে বেশি। খড়কে গবাদি পশুর মূল খাদ্য হিসেবেই বিবেচনা করা হয়।

রোপণের পর ধানগাছের ফল এবং গাছ দুইই কাজে লাগে। ফল অর্থাৎ ধান সিদ্ধ করে হয় চাল। আর বাকি থাকে গাছ। গাছটি খড় হিসেবে ব্যবহৃত হয়।

কৃষক তার নিজের গবাদি পশুর জন্য প্রয়োজনীয় খড়টুকু রেখে বাকিটা শহরের খড়ের আড়তে (কাড়িহাটি) নিয়ে এসে খামারিদের কাছে বিক্রি করেন।

কিন্তু, মাস ব্যবধানে এই খড়ের দাম বেড়েছে তিন থেকে চারগুণ। দু’মাস আগে খড় ১৮০-২০০ টাকা পণ (৪টি) হিসেবে বিক্রি হতো, এখন সেটা ৫২০-৬০০ টাকায় এসে দাঁড়িয়েছে। দাম বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ গ্রামগুলোতে তেমন কোন প্রভাব লক্ষ্য করা না গেলেও দাম বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেছে শহুরে এলাকাগুলোতে।

গ্রামের খামারীরা প্রায় সবাই নিজের জমিতে চাষাবাদ করে থাকেন। নিজেদের গবাদি পশুর খড়ের চাহিদা নিজেরাই পূরণ করে থাকেন। কিন্তু, শহরে এসব লক্ষ্য করা যায়না। শহুরে খামারীরা সাধারণত খড়ের আড়ত থেকে খড় ক্রয় করে থাকেন।

ঠাকুরগাঁও পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পূর্ব গোয়ালপাড়ার ‘লিপি ডেইরি ফার্ম’ এর মালিক এস. এম. খায়রুজ্জামান। করতেন ঠাকুরগাঁও পৌরসভার পানি সরবরাহ শাখায় চাকুরী। ৩ বছর আগে নিয়েছেন অবসর।

গত ৩০ বছর থেকে গরুর খামার করেন তিনি। আগে গোয়ালভরা গরু ছিল তার। অবসরপ্রাপ্ত এই ষাটোর্ধ্ব কর্মকর্তার খামারে গরু এখন ৪-৫টি। কিন্তু এই কয়টা গরুও থাকবে কিনা সন্দেহ তার।

খড়ের ঘর আছে কিন্তু খড় নেই, যা আছে তা দিয়ে ৫টি গরুর দু’দিন কোনরকমে চলবে। গোখাদ্যের ঘরে অল্পকিছু খাবার। গত দু’দিন আগে খামার থেকে মাঝবয়সী একটি গরু বিক্রি করেন তিনি।

তিনি বলেন, ‘গোখাদ্যের (খড়, খৈল, ভুসি) দাম প্রতিনিয়ত বাড়ছে কিন্তু দুধের দাম নেই। গরু লালনপালন করে যদি খরচের টাকাই উঠছে না। টাকা যোগাতে তাই খামারের গরুই বিক্রি করে দিতে হচ্ছে। আর এত শ্রম দিয়েও যদি খরচের টাকা না ওঠে তাহলে খামার রেখেই বা কি লাভ?’

খায়রুজ্জামান আরও বলেন, ‘একদিকে খাদ্য দ্রব্যের চড়া দামের কারণে পরিবারের খরচ যোগাতেই হিমশিম খেতে হচ্ছে। তার উপরি হিসেবে জুটেছে গোখাদ্যের আকাশচুম্বী দাম। এভাবে চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই খামার, ভিটেমাটি বেচে দিতে হবে।’

দ্রব্যমূল্যের এই ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির স্বীকার শুধু খায়রুজ্জামান নন, খায়রুজ্জামানের মতো হাজারো খামারী। যাদের অনেকেই ইতোমধ্যেই বাপদাদার খামার বন্ধ করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

সরকার, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সুনজর না পড়লে অচিরেই হারিয়ে যেতে পারে ঠাকুরগাঁওয়ের গো-খামারগুলো।