গোদাগাড়ীতে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শনিবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় লালু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত লালু উপজেলার রেলগেট এলাকার মৃত বেলাল উদ্দীনের ছেলে। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ভোরে মহাসড়ক পারাপার হচ্ছিলেন লালু। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এর ফলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।