ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ থেকে স্পেনের পয়েন্ট ৪। পর্তুগালেরও তাই। এমন কী গোল ব্যবধানও একই! সমানে সমানে এগিয়ে চলছে দল দুটি। তাহলে কে হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন? সেটা জানা যাবে আজ দিবাগত রাতে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে স্পেন ও পতুর্গাল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। যেখানে পর্তুগালের প্রতিপক্ষ ইরান। আর স্পেনের প্রতিপক্ষ মরোক্কো।
ইরান একটি ম্যাচে জয় পেলেও ২০ বছর পর বিশ্বকাপে আসা মরোক্কো এখনো জয়হীন। পর্তুগালের বিপক্ষে ইরান জয় পেলে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। স্পেনের বিপক্ষে তারা যে খেলা উপহার দিয়েছে সেটা পর্তুগাল শিবিরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে যে দলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার থাকে, তাদের আবার ভয় কিসের?
দুই ম্যাচে তিনি যে করেছেন চার গোল। এবারের আসরের প্রথম হ্যাটট্রিকটি যে রেকর্ড বুকে আশ্রয় নিয়েছে তার পা ছুঁয়েই। তিনি জ্বলে উঠলে প্রতিপক্ষ যে পুড়ে ছাড়াখার হয়ে যাবে সেটার প্রমাণ দিয়েছেন স্পেনের বিপক্ষে। ওয়ান ম্যান আর্মি হয়ে স্পেনের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন তিনি। তবে সুযোগ থাকায় ইরানও চাইবে মরণ কামড় দিতে। এই ম্যাচে পর্তুগাল পাবে না মৌতিনহোকে। জ্বরে ভুগছেন তিনি। তবে ইনজুরি থেকে ফিরে এসেছেন রাফায়েল গুয়েরেইরো।
এ নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ইরান। ২০০৬ বিশ্বকাপে তাদের একবার দেখা হয়েছিল। সেবার পর্তুগীজরা ২-০ গোলে হারিয়েছিল ইরানকে। এবার যখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি পর্তুগালের সামনে, দেখার বিষয় কত ব্যবধানে জয় পায় তারা।
এদিকে মরোক্কো তাদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মন্দ খেলেনি। কিন্তু শেষ মুহূর্তে এক আত্মঘাতি গোল করে তারা পূর্ণ তিন পয়েন্ট ইরানের হাতে তুলে দেয় ভগ্ন হৃদয়ে। ওই ম্যাচে ১ পয়েন্ট কিংবা পূর্ণ পয়েন্ট পেলে তারাও কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা না থাকলেও আজ তারা এক বিন্দুও ছাড় দিবে না স্পেনকে। ২০ বছর পর তারা বিশ্বকাপে এসেছে। তাই খালি হাতে ফিরতে চায় না। যেমনটা বলেছেন মরোক্কোর কোচ হার্ভে রেনার্দ, ‘আমাদের মূল উদ্দেশ্য এখন শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়াই করা। দীর্ঘ ২০ বছর পর আমরা বিশ্বকাপে এসেছি। আমরা দেখিয়ে দেব আমরা ফুটবল খেলতে জানি।’
এই ম্যাচে মাঠে নামার আগে ইনজুরি সমস্যায় ভুগছেন স্পেনের বেশ কয়েকজন তারকা। তাদের ব্যাকআপ গোলরক্ষক পেপে রেইনা আছেন ইনজুরিতে। রক্ষণভাগের খেলোয়াড় নাচো ফর্নান্দেজেরও সামান্য ইনজুরি সমস্যা রয়েছে। তবে আজকের ম্যাচে দিয়েগো কস্তার দিকে তাকিয়ে থাকবে সবাই। ইতিমধ্যে এই স্ট্রাইকার তার উপর আস্থা রাখার মতো পারফরম্যান্স উপহারও দিয়েছেন। দুই ম্যাচে তিনি করেছেন ৩ গোল। তার পাশাপাশি আলো ছড়াতে প্রস্তুত আছেন অভিজ্ঞ ইনিয়েস্তা-সিলভারাও।
এর আগে মরোক্কোর সাথে বিশ্বকাপে দুইবার দেখা হয়েছিল স্পেনের। দুইবারই জিতেছে তারা। এবারও কী জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে? নাকি ভিন্ন কিছু মঞ্চস্থ করতে যাচ্ছে মরোক্কো?


