এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি: এবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রেফতার বাণিজ্যের,উঠেছে পুরাতন মামলা আসামী ধরে নতুন ভাবে গাঁজা দিয়ে চালান করারসহ নানা ধরনের অভিযোগ। লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পুলিশ বলছে হুমায়ুন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাকে নিয়ে গাঁজা উদ্ধার করা হয়। অথচ সেই মামলার সাক্ষী করা হয়েছে দুর্ধর্ষ ৩ চোরাচালানকারীকে। যাদের বিরুদ্ধে রয়েছে চোরাচালান, সীমান্তের বেড়াকাটা ও হাত কড়াসহ পুলিশ হেফাজত থেকে পলায়ন করাসহ নানান অভিযোগ। সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনতা।
রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন ঐ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাবেয়া বেগম। মানববন্ধনে ঐ এলাকার প্রায় দুই শতাধিক নারীপুরুষ অংশ নেয়।
সংবাদ সম্মেলনে ঐ মহিলা সদস্য রাবেয়া বেগম বলেন, গত শুক্রবার জুম্মা নামাজ শেষে আমার বাড়ি থেকে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন হাতীবান্ধা থানা পুলিশ। গ্রেপ্তারের সময় আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা আছে বলে পুলিশ জানান। কিন্তু মামলার নথিতে ঐ দিন রাত ৭টায় পুর্ব ফকিরপাড়া মৌজার জামতলা মোড়ের ব্রিজের উপর থেকে ৫ কেজি গাঁজাসহ হুমায়ুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এটা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও পুলিশের সাজানো একটি নাটক।
তিনি আরও বলেন, শুক্রবার নামাজের শেষে শতশত লোকের সামনে আমার সার্বিক সহযোগীতায় আমার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো, যাকে সেই লোকটিকে ২২ কিঃমিঃ দূরে কিভাবে গাঁজাসহ গ্রেপ্তার দেখানো হলো। একেমন পুলিশের খেলা। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের প্রতি সম্পুর্নরুপে আস্থা হারিয়ে ফেলবে।
তিনি বলেন অপরাধীর সাজা হোক এটা আমিও চাই কিন্তু নাটক সাজিয়ে কেন? পুরো বিষয়টি তদন্ত করে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন ঐ মহিলা সদস্য।
এছাড়াও পুলিশের এই সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ প্রধান, ডিআইজি, জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন শেষে ঘটনার সত্য জানতে মামলার সাক্ষীদের জিজ্ঞাসা করে অনেক উল্টাপাল্টা উত্তর খুজে পাওয়া যায়। এছাড়াও রয়েছে তাদের বিরুদ্ধে গুরুতর অনেক অপরাধের অভিযোগ। মামলার ১,২ ও ৩ নং সাক্ষী তারা একই সঙ্গে রাষ্টবিরোধী কর্মকান্ডসহ চোরাচালানের সাথে জড়িত রয়েছেন বলে এলাকাবাসী সবাই জানান। হুমায়ুনের বিরুদ্ধে সাজানো প্রতিটি মামলায় এরাই ৩ জন সাক্ষী হয়েছে বলে ঐ মামলার নথিতে দেখা গেছে। অথচ সাক্ষীর বাড়ি এবং হুমায়ুনের বাড়ি আলাদা আলাদা ইউনিয়নে। আর হুমায়ুনের বিরুদ্ধে প্রতিটি মাদক মামলার সাক্ষী এরা ৩ জনই হন কিভাবে এটা কারও জানা নেই।
সাজু মোস্তাজির সে আব্দুল জলিলের সাথে চোরাচালান করার কথা বললেও, অস্বীকার করেন জলিল। পুলিশের মাদক উদ্ধারের সময় জলিলের সাথে সাজু ও মোহাম্মদ আলী উপস্থিত থাকার কথা জানালেও তা অস্বীকার করেন জলিল।
হুমায়ুন এক সময়ে মাদক ব্যবসায় জড়িত ছিলো। সেই সময় মাদক সহ পাটগ্রাম থানার পুলিশের হাতে ধরা পড়ে দুমাস জেল খাটেন তিনি। পরে পরিবারের চাপে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সাভাবিক জীবনে ফিরে আসতে চাইতে বাধা হয়ে দাড়ান ঐ ৩ চোরাচালানকারী। এক সময় সাজু মোস্তাজির মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হুমায়ুনের কাছে ৬০ হাজার টাকা দাবি এবং তার বিরুদ্ধে পরপর ২টি মিথ্যা মাদক মামলার হবার কথা পুলিশ সুপারকে জানালে হুমায়ুন সাজু মোস্তাজির ও থানা পুলিশের চোক্ষশুল হন বলে দাবি করে হুমায়ুনের বাবা রিয়াজুল হক।
এদিকে হুমায়ুন কয়েক মাস থেকে মাদক ব্যবসায় জড়িত নন এবং মামলার কারনে এলাকা ছাড়া সে বিষয়ে নিশ্চিত করেন বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল,ও ওই ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান এবং পার্শ্ববর্তী ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান নুর ইসলাম মাস্টার।
অপর দিকে এই জনপ্রতিনিধিরা চোরাচালানকারী সাজু মোস্তাজির, আব্দুল জলিল ও মোহাম্মদ আলীর নানান অপকর্মে অতিষ্ঠ হয়ে আছেন বলে জানান। তারা এই অপরাধীদের এলাকার সার্থে ইউনিয়ন ছাড়া করার জন্য চিন্তাভাবনা করছেন বলেও জানা গেছে।
ঐ সাজানো মামলার এক নং সাক্ষী উপজেলার পুর্ব ফকিরপাড়া এলাকার মৃত্যু আব্দুল সামাদ মোস্তাজিরের ছেলে সাজু মোস্তাজির (৫০)। এনার বিরুদ্ধে রয়েছে চোরাচালানের আধিপত্য বিস্তার করা, বিরোধীদের পুলিশের সাথে আঁতাত করে মাদক মামলা ফাঁসানো আবার টাকার বিনিময় তাদের মিথ্যা মামলা থেকে উদ্ধার করাসহ নানান অভিযোগ।
এছাড়া মাসে ১০ হাজার টাকার বিদেশী মদ খাওয়া। জনতার হাতে ফেন্সিডিলসহ আটক কয়েকজনকে প্রভাব খাটিয়ে ছেড়ে দেওয়া, তার টাকায় অপর সাক্ষী আব্দুল জলিলসহ চোরাচালান করেন সে কথা অকপটে সাংবাদিকের কাছে স্বীকার করেন তিনি।
শুনেছি হুমায়ুনকে গড্ডিমারী এলাকা থেকে জুম্মার নামাজের পরে পুলিশ গ্রেপ্তার করেন বলে জানান সাজু মোস্তাজির। তবে রাতে পুর্ব ফকিরপাড়ার জামতলার পাশে ব্রিজের উপর থেকে গাঁজাসহ গ্রেপ্তারের সময় তিনি উপস্থিত ছিলেন না বা দেখেন নাই বলেও জানান তিনি।
হুমায়ুনের বিরুদ্ধে ঐ মিথ্যা মাদক মামলার ২ নং সাক্ষী একই এলাকার মৃত্যু আচান উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪০) এর বিরুদ্ধে রয়েছে সীমান্তের ভারতীয় বেড়াকাটা, চোরাচালান, দুর্ধর্ষ চুরিসহ মাদক মামলায় অন্যকে ফাঁসানোর অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি চোরাচালান ও মাদক মামলায় জেলখাটার অভিযোগ। সীমান্তের বেড়াকাটার কারনে তাকে এলাকায় সবাই বেড়াকাটা জলিল নামেই চিনেন।
এলাকাজুড়ে মাদকের বিস্তার ও চোরাচালের আধিপত্য বিস্তারের জন্য কয়েকমাস আগে বিজিবির দুএকজন কর্মকর্তা তাকে সীমান্ত এলাকায় গুলি করে মারার জন্য ফকিরপাড়ার ইউপি চেয়ারম্যানের কাছে অনুমতি চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু ঐ ইউপি চেয়ারম্যান জলিলকে গুলি করে না মেরে আইনের আওতার আনার জন্য ঐ বিজিবি কর্মকর্তাদের জানান।
আব্দুল জলিল জানান, সে ঘটনার দিন রাত সাড়ে ৮ টার দিকে সাজু মোস্তাজির ও মোহাম্মদ আলীসহ জামতলার ব্রিজের উপর বসে ছিলেন। সে সময় হুমাউনকে একটি ব্যাগসহ যেতে দেখে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অথচ সাজু মোস্তাজির এর উল্টো বক্তব্য সাংবাদিকদের দেন।
ঐ মামলার ৩ নং সাক্ষী পুর্ব ফকিরপাড়া এলাকার মৃত্যু নিয়ামত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। এরশাদ সরকারের উপজেলা পরিষদের আদালতের সময় তিনি হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন, পরে পুলিশের হাতে ধরাপরলে তাকে মেরে হাতপা প্রায় অকেজো করে দেওয়া হয় বলে তার এলাকাবাসী জানা। বর্তমানে মোহাম্মদ আলী থানার লাইনম্যানের কাজ করেন।
মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িসহ বিভিন্ন স্থানে গিয়ে এবং মোবাইলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গড্ডিমারী ইউনিয়নের একজন মহিলা ওয়ার্ড সদস্যের বাড়ি থেকে পুর্বের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে ধরে অন্য ইউনিয়নে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দেখানোয় থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে ঐ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিক শ্যামল। এই চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু বকর সিদ্দিক খবর পেয়ে পুলিশ প্রশাসনের নিকট ফোন করে হুমায়ুনকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাকে পুরাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। এরপরেও কিভাবে হুমায়ুনকে অন্য ইউনিয়নে গাঁজাসহ গ্রেপ্তার দেখানো হলো এবিষয়ে থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানান আবু বকর সিদ্দিক শ্যামল।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার জানান, হুমায়ুন কবির একজন মাদক ব্যবসায়ী। তাকে মধ্য গড্ডিমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে বড়খাতা এলাকা থেকে ৫ কেজি ২ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


