ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পশ্চিম আঞ্চলের শত শত যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।

রোববার (৬ ডিসেম্বর) ঘাট কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পরে সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৪টি ফেরি। দুপাশে পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোট বড় যানবাহন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।