নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে এমপি রানা গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুর রহমান লেবু গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও সাংসদ আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেন এমপি রানার সমর্থকরা। একই সময়ে ওই স্থানে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুর রহমান লেবুর সমর্থকরা রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সমাবেশের ডাক দেন। এতে উভয় গ্রুপের উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হামিদপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।


