জেলা প্রতিবেদকঃ ঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙা এসব দুর্যোগ যেন পিছু ছাড়ছে না উপকূলবাসীর। সুন্দরবনের কোল ঘেঁষা বলেশ্বর ও বিষখালী নদী মধ্যবর্তী উপকূলীয় পাথরঘাটা উপজেলার বাসিন্দাদের সব সময়ই দুর্যোগ নিয়ে থাকতে হয়। যেখানে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও চলছে মহামারি করোনা আতঙ্ক, তার সঙ্গে এখন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। এ কারণে আতঙ্কে রয়েছেন উপকূলবাসী।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা, জিনতলা, বিষখালী নদী সংলগ্ন পাচচুঙ্গা, চরদুয়ানী ইউনিয়নের টেংরা, গাববাড়িয়া বাঁধে আশ্রিত বেশিরভাগ মানুষ দারিদ্রতার সঙ্গেই লড়াই করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। এখানে শতভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাছাড়া সব মানুষই মাছ ধরা পেশার সঙ্গে জড়িত। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়ে কষ্টে দিন পার করছিলেন এসব মানুষ। যদিও তাদের মধ্যে সরকারি এবং বেসরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু মহামারি করোনার সেই দুর্যোগ কাটিয়ে না উঠতেই ঘূর্ণিঝড় আম্পানের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে উপকূলবাসীকে। আতঙ্কিত করেছে গোটা উপকূলের মানুষদের।
বিষখালী নদী সংলগ্ন পাঁচ চুঙ্গার বাসিন্দা মো. হেমায়েতের সঙ্গে কথা হয়।
তিনি বলেন, হারা দ্যাশে করোনার জন্য বাড়ি থেইক্যা বাইরাইতে পারি না। এর মধ্যে কোনো কামাই নাই। সরকার থেইক্যা চাল যা পাইছি হেইয়াই খাইতাছি। এহন হুনছি আবারও একটা বইন্যা আইতাছে। মোগোতো কপালে এইয়াই আছে।
বাঁধপাড়ের বাসিন্দা হেমায়েতই নয়, এখানকার হাজারো বাসিন্দা রয়েছেন আতঙ্কে। ঝড়ের কথা জানেন কিনা প্রশ্ন করলে অনেকেই বলেন, ঝড়ের কথা শুনছি, ঝড় আসবে তাও জানি। করোনার ভয়ের মধ্যে যদি আবার এই ঝড় শুরু হয় তাহলে আমাদের কী কোনো উপায় থাকবে। আমরা গরিব মানুষ। আমাদের কী হবে। এভাবেই ঝড় নিয়ে দুশ্চিন্তার কথাগুলো বলছিলেন সোলায়মান, আ. রহিম মিয়া।
এদিকে করোনা ভাইরাসের মধ্যে ঘূর্ণিঝড় আম্পান এক রকম মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে বলে মনে করছেন উপকূলের বাসিন্দারা। এ নিয়ে সংকটে পড়েছেন পাথরঘাটার মানুষ। নিরাপদ আশ্রয় কিংবা জীবন বাঁচানোর চিন্তা না করে তারা নিজেদের বসতঘর আর সম্পদ রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঝড়ে না জানি কি হয়, এমন চিন্তা তাদের চোখ-মুখে। ঝড়ের আগাম বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কর্মহীন এসব মানুষ যেন অজানা আতঙ্ক ও অনিশ্চয়তা মধ্যে পড়েছেন। তবে সচেতন মহল মনে করছেন, মহামারি করোনার প্রভাবে শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি এখন ঘূণিঝড় আম্পানে সমস্যা করবে। সাইক্লোন আম্পান ধেয়ে আসছে। উপকূলের মানুষ যাবে আশ্রয় কেন্দ্রে। কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা কী সম্ভব? এমনও প্রশ্ন ছুড়ছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, একে তো করোনার কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছিনা আমরা। এ অবস্থায় আবার ঘূর্ণিঝড় আম্পান। আশ্রয় কেন্দ্রে গেলে শারীরিক দূরত্ব বজায় তো থাকবেই না স্বাস্থ্যবিধিও মানা হবে না। তারপরেও দুর্যোগ থেকে নিরাপদ আশ্রয়ে তো যেতেই হবে।
অপরদিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার মাধ্যমে উপজেলার সব আশ্রয়কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পাঁচ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার সঙ্গে সঙ্গ এসব আশ্রয়কেন্দ্রে পাথরঘাটা উপজেলার নদী ও সমুদ্র তীরবর্তী জনগণকে নিয়ে আসা হবে। এজন্য আশ্রয়কেন্দ্রগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখতে উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।


