নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে পুলিশি হয়রানির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকে আকস্মিক পরিবহন ধর্মঘটে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
১১ দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট পালন করছে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ।
পুলিশি হয়রানি বন্ধ, জেলা পুলিশ কর্তৃক মেট্টো এলাকায় গাড়ি রিকুইজিশন বন্ধ; শ্রমিকদের উপর শারীরিক নির্যাতন বন্ধ; চালকদের লাইন্সেস প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল; নির্ধারিত পার্কিং স্পট ও টার্মিনাল না হওয়া পর্যন্ত নো পার্কিং মামলা দেওয়া বন্ধ; সরকার অনুমোদিত ইজি বাইক, ব্যাটারি রিকশা, টমটম, নসিমন, করিমন বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সকাল থেকে পরিবহন ধর্মঘটে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। অতিরিক্ত টাকা দিয়ে অনেককে রিকশা, সিএনজি অটোরিকশায় কর্মস্থলে যেতে দেখা গেছে। নগরীর বহদ্দার হাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অসংখ্য যাত্রী।
গণপরিবহন ধর্মঘটের সুযোগ নিচ্ছে সিএনজি অটোরিকশা চালক ও রিকশা চালকরা। তারা ভোগান্তিতে পড়া মানুষের কাছে দু-তিন গুণ ভাড়া দাবি করছে। অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষ গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে। চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, দুই নম্বর গেট, অক্সিজেন, মুরাদপুর, জিইসি, আগ্রাবাদ, দামপাড়া, ইপিজেড, বন্দরসহ সমগ্র নগরীতে হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। এ নিয়ে একাধিকবার প্রশাসন আশ্বাস দিলেও দাবি মানা হয়নি। বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পুসহ সব ধরণের গণপরিবহন ধর্মঘটের আওতায় রয়েছে দাবি করে এই নেতা বলেন, ‘‘আমাদের পরিষদের অধীনে দেড় হাজারের বেশি গাড়ি রয়েছে। এসব গাড়ি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে না।’’
আকস্মিক অনির্দিষ্টকালের ধর্মঘট প্রসঙ্গে বেলায়েত হোসেন জানান, এ ধর্মঘট হঠাৎ ডাকা হয়নি। অনেক আগেই এই ধর্মঘট আহ্বান করলে প্রশাসনের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। লিফলেট, পোস্টার এবং সংবাদপত্রের মাধমে ধর্মঘটের কথা জানানো হয়েছে।


