চট্টগ্রামে করোনার ঝুঁকি নিয়ে কাজ করলেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে হাজার হাজার পোশাক শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন। কাজ শেষে দলবেঁধে বাসায়ও ফিরেছেন। এ সময় তাদের মধ্যে নিরাপদ দূরত্ব-তো দূরে থাক বেশিরভাগ শ্রমিকের মুখে মাস্কও দেখা যায়নি।
নানা বিড়ম্বনায় শনিবার (৪ এপ্রিল) কর্মস্থলের উদ্দেশ্যে ফেরেন চট্টগ্রামের ইপিজেডের পোশাক শ্রমিকরা। অনেকেই দূর-দূরান্ত থেকে নির্ঘুম রাত শেষে রোববার (৫ এপ্রিল) সকালে কাজেও যোগদান করেন। বিকেল ৫টায় কাজ শেষে বাসায়ও ফিরতে দেখা গেছে তাদের।
সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় সচল থাকা ১ হাজার ২২৯টি শিল্প-কারখানার মধ্যে আজ রোববার উৎপাদন কার্যক্রম চলেছে ৩৭৭টি কারখানায়। এর মধ্যে ১৮৭টি তৈরি পোশাক কারখানা আর বাকি ১৯০টি অন্যান্য খাতের।
চট্টগ্রামে বিভিন্ন কারখানায় সকাল ৭টা থেকেই সড়কগুলোতে শ্রমিকদের ভিড় দেখা যায়। এ সময় গণপরিবহনের অভাবে হেঁটেই কর্মস্থলে যান শ্রমিকরা। এতে অনেকেই বিপাকে পড়েন। কর্মস্থল ছুটি শেষে আবার হেঁটেই বাসায় ফেরেন।
এদিকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তে প্রায় সব কারখানাই পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিকেলে ইপিজেড এলাকায় দেখা যায়, ছুটি হওয়ার পরপরই হাজার হাজার পোশাক শ্রমিক কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরেন। এসময় অনেকে পরিবহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও না পেয়ে হেঁটেই বাসায় যান।
পোশাক শ্রমিক মো. খায়রুল আলম বলেন, বেতন না পেলে না খেয়ে মরতে হবে। তাই করোনার ঝুঁকির সত্ত্বেও কারখানা খোলা থাকায় যোগ দিতে হয়েছে। গতকাল লোহাগাড়া থেকে এসেছি অনেক কষ্ট করে। ৬টি গাড়ি বদলিয়ে কোনোমতে রাতে বাসায় পৌঁছে সকালে কর্মস্থলে যোগ দিই।
নাসরিন সুলতানা নামে আরেক শ্রমিক বলেন, কারখানায় সারাদিন গাদাগাদি করে কাজ করেছি। এখানে কেউ যদি করোনায় সংক্রমিত হয়ে থাকেন তাহলে সবাই সংক্রমণের ঝুঁকি রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচুর গরম, কতক্ষণ মাস্ক পড়ে থাকা যায়। তবে যতটুকু পেরেছি, সতর্ক থাকার চেষ্টা করছি।