নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে মহানগরীর হাজার হাজার মানুষ। শনিবার সকাল থেকে নগরীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে রাস্তার পাশে, বিভিন্ন স্টেশনে শত শত মানুষ যানবাহনের জন্য অপেক্ষা করছে। রিকশা ও সিএনজি অটোরিকশাসহ কিছু যানবাহন চলাচল করলেও দ্বিগুন, তিনগুন ভাড়া আদায় করা হচ্ছে। নগরীর দুই নম্বর গেইটে গাড়ির জন্য অপেক্ষমান আগ্রাবাদ এলাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রায়হান চৌধুরী জানান, সকালে ৯টায় অফিসে যাওয়ার জন্য বেরিয়ে কোন গণপরিবহন না পেয়ে অর্ধেক রিক্সা ও অর্ধেক পায়ে হেঁটে কর্মস্থলে এসেছি। বহদ্দার হাট এলাকায় যানবাহনের জন্য অপেক্ষমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সালমা সুলতানা জানান, রাস্তায় বেরিয়ে দুর্ভোগের শেষ নেই। অফিসে যাওয়ার জন্য বাস টেম্পু কিছুই মিলছে না। রিকশা ও সিএনজি অটোরিকশা ভাড়া দ্বিগুন-তিনগুন বাড়িয়েছে। ১০০ টাকার ভাড়া দাবি করছে ৩০০ টাকা। ২০ টাকার রিকশা ভাড়া এখন ৪০ টাকা। এদিকে নগরীর বেশকিছু এলাকায় আজও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। নগরীর মুরাদপুর, দুই নম্বর গেইট, দামপাড়া ওয়াসাসহ বেশকিছু এলাকায় ছাত্রছাত্রীদের অবস্থান ও বিক্ষোভ করতে দেখা গেছে। বিভিন্ন পয়েছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


