চট্টগ্রামে পানিবাহিত রোগ ব্যপক আকারে ছড়িয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : স্থানীয়দের দাবী, ওয়াসার সরবরাহকৃত পানি পান করেই তারা হেপাটাইটিসি ই ভাইরাস, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় পানিবাহিত রোগ ব্যপক আকারে ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে নারীসহ ৩জনের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অস্বীকার করেছেন। পানিতে জীবানু থাকার কথা চট্টগ্রাম সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হলেও চট্টগ্রাম ওয়াসা তা অস্বীকার করেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী জানান, হালিশহর এলাকায় পানিবাহিত রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই এলাকায় ১৭৮জন রোগি শনাক্ত হয়েছে। তারা সকলেই পানিবাহিত জন্ডিসে আক্রান্ত। বেসরকারী হিসাবে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি মনে করা হচ্ছে।

ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘ওয়াসার সরবরাহকৃত পানিতেই জীবাণু রয়েছে, ফলে শত শত মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ওয়াসার পানির জীবাণু ছাড়াও হালিশহর এলাকার সাধারণ মানুষের অসচেতনতাও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার জন্য দায়ী।’

সিভিল সার্জন বলেন, ‘হালিশহর এলাকায় এমনও পানির ট্যাংক আছে যেগুলো অনেক বছর ধরে পরিষ্কার করা হয়না। মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা দরকার। এছাড়া এই এলাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসময় টয়লেটের পানি আর খাবার পানি মিলে মিশে একাকার হয়ে যায়। এর ফলে পানিতে জীবানু ছড়িয়ে পরে।’

এদিকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ রাইজিংবিডিকে জানান, ওয়াসার পানিতে কোন জীবাণু নেই। ওয়াসা কয়েক ধাপে পানি বিশুদ্ধ করে তারপর সরবরাহ করে থাকে।

প্রকৌশলী ফজলুল্লাহ বলেন, ‘ওয়াসার পানিতে জীবাণু থাকার অভিযোগ ওঠার পর আমরা নিজেরাই ওয়াসার পানির স্যাম্পল সংগ্রহ করে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। তারা সেখানে কোন সমস্যা পাননি।’

ওয়াসার পানিতে জীবাণূ প্রসঙ্গে চট্টগ্রাম সিভিল সার্জনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

ওয়াসা ও সিভিল সার্জন তথা স্বাস্থ্য বিভাগের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও হালিশহর এলাকায় সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে। প্রায় কয়েকলাখ মানুষের আবাস হালিশহর এলাকায়। এখানে এখন প্রায় ঘরে ঘরে জন্ডিসসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত মানুষ। তারা এই অবস্থা থেকে কবে মুক্তি পাবে সেই আশার প্রহর গুনছেন।