চট্টগ্রামে  ৩৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো): চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এককোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা বলেও তিনি জানান।

গ্রেফতারকৃত তিনজন হলেন– মো. মামুন (২৪), আবু বকর ছিদ্দিক (২০) ও মো. জুবায়ের (১৮)।

মাশকুর রহমান
ক্রাইমপেট্রোলবিডিকে বলেন, ‘কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছে –এমন গোপন সংবাদে ফিরিঙ্গি বাজার মোড়ে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেন। এসময় মাদক ব্যবসায়ীরা গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাইক্রোবাসে তল্লাশি করে ৩৪ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো মাইক্রোবাসের দুটো স্লাইডিং দরজায় বিশেষ কৌশলে লুকানো ছিল। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।’