রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানা ও সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় চন্দনাইশ সদর, হাজিরপাড়া রাস্তার মাথা, গাছবাড়িয়া কলেজ গেইট ও খানহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে অমান্যকারীদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে সোমবার (২০ এপ্রিল) উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ নিয়মিত যৌথ টহল চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় কলেজ গেইটের মেসার্স মদিনা সেনিটারী এন্ড হার্ডওয়্যারের মালিক কুতুব উদ্দিনকে ৩ হাজার টাকা, মা-মনি টেলিকমের মালিক মোফাসেল হককে ৩ হাজার টাকা, মদিনা টেইলার্সের মালিক মোঃ ওয়াসিমকে ৫শ টাকা ও দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে মেসার্স হক্কানী ফার্মেসীর মালিক মুন্নাকে ৫শ টাকা জরিমানা করা হয়।
একইদিন সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় চন্দনাইশ সদরের মুদি দোকানদার মোঃ মামুনকে ২ হাজার টাকা, শাহ আমিন উল্লাহ সুপারসপের মালিক আবদুল খায়েরকে ১ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে মুুুুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, “করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে চন্দনাইশ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


