চট্টগ্রাম বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ পণ্য পাচার বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গত এক সপ্তাহে আটক হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় আনা ফ্রিজ, এসি ও ইলেক্ট্রনিক্স পণ্যের একাধিক চালান। বর্তমানে বন্দরে খালাসের অপেক্ষায় থাকা প্রায় শতাধিক চালানে অবৈধ, নিষিদ্ধ ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্য রয়েছে বলে জানা গেছে। বন্দরের কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে এসব খালাসের চেষ্টা চালাচ্ছে একটি চক্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্দরে শুল্কায়ন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী খালাসের পূর্বে বিএসটিআই রিপোর্টের বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম বন্দরে এর কোন কার্যকারিতাই নেই। সাম্প্রতিক সময়ে শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে বেশ কিছু চালান ধরা পরলেও চট্টগ্রাম বন্দর যেনো চোরাকারবারীদের নিরাপদ রুটে পরিনত হয়েছে। অন্যদিকে বন্দরের ইউ ব্যাগেজ দিয়ে আসা ব্যাগেজ ঘোষণা দিয়ে ভুয়া পাসপোর্ট এর যাত্রীর নামে (যাত্রী অবগত নয় এমন) নির্বিঘ্নে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে চোরাকারবারিদের হাতে চলে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর এসব কাজে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি সি এন্ড এফ চক্র।

জানা যায়, সম্প্রতি জনৈক বাবুল নামের এক ব্যাক্তির আমদানি করা একটি পণ্যের চালানে ঘোষণা ছিলো ১২০০ কেজি কিন্তু পরীক্ষা করে প্রকৃত পণ্য পাওয়া গেছে ৬৫০০ কেজি। আবার কাস্টমসের লিখিত প্রতিবেদনে উল্লেখ করা হয় ৩৫০০ কেজি। এর মাধ্যমে ৩০০০ কেজির শুল্ক ফাঁকি দেওয়া হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও সিসিআই এর কিছু কর্মকর্তা-কর্মচারীরা শুল্ক ফাঁকির নানাবিধ কাজে সহায়তা করে। বন্দরে স্ক্যানার, গেটসহ পণ্য খালাসের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা নিয়োজিত তারাসহ সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধিরা এর সাথে সম্পৃক্ত থাকে।

শুল্ক গোয়েন্দাদের তথ্য মতে, চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারের দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি চক্র কসমেটিক্স, জায়নামাজ, সুগন্ধিআতর, যৌন উত্তেজক স্প্রে জাতীয় পণ্য আমদানি করে থাকেন। এই জাতীয় কয়েকটি পণ্যের চালান বন্দরের অভ্যন্তরে এখনো মজুদ রয়েছে। বন্দর সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করার চেষ্টা চলছে। এছাড়া আমদানিকৃত কোন পণ্যের চালান পরীক্ষা না করে শেডের কর্মরত লোকদের ম্যানেজ করে বাইরে পাচার করাও এখন অনেক বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে শুল্ক গোয়েন্দাদের ব্যাপক তৎপরতায় সাম্প্রতিক সময়ে একাধিক চালান আটক হলেও সংঘবদ্ধ চক্রের তৎপরতা থেমে নেই।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পরিচালক লে. কর্ণেল আবদুল গাফফার বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে এবং নানাভাবে পণ্য পাচারের চেষ্টার বিষয়টি আমাদের নলেজেও রয়েছে। আমরা আমাদের সাধ্যনুযায়ী সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের সামনে কোন অনিয়ম ধরা পরলে আমরা সাথে সাথে তা শুল্ক গোয়েন্দাদের অবহিত করি। আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে একাধিক চালান আটকও হয়েছে।’