চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে পাঁচ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন।

মুস্তফা কামাল বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, শহরের যানজট হ্রাস করা এবং পর্যটন শিল্প বিকাশের জন্য চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়ন জরুরি।

তিনি বলেন, অল্প বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ অংশসহ অধিকাংশ রাস্তাঘাট হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এছাড়া জোয়ারের সময় শহরের নিম্নাঞ্চল নিয়মিত জলাবদ্ধ হয়ে পড়ে। এ সমস্যা থেকে শহরকে রক্ষা করা এবং ভবিষ্যতে শহর সম্প্রসারণের বিষয় বিবেচনা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রামের খালসমূহ পরিকল্পিত পুনঃখনন, সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, গুরুত্বপূর্ণ খালসমূহের পাড়ে রাস্তা নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও খালসমূহ পরিষ্কার করার স্থায়ী ব্যবস্থাকরণ, খালের সঙ্গে সংযোগকারী পাকা ড্রেনসমূহ সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করাই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটির অধিক কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে এলজিইডি, পানিসম্পদ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সমন্বয়ে কমিটি গঠন করে একটি সুদূরপ্রসারী অধিকতর ফলপ্রসূ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।