রাজিব শর্মা, চট্টগ্রাম : দীর্ঘদিন ধরে চট্টগ্রাম রেল পুলিশ সুপার কার্য্যালয়ের সামনে চলছে জমজমাট জুয়া খেলার আসর।আর খোদ জি.আর.পি থানার কনষ্টেবলই এই জুয়া খেলার আসর চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়,কনষ্টেবল জুবায়ের দীর্ঘদিন ধরে জি.আর.পি থানার স্বঘোষিত ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসছে।আর তার নের্তৃত্বে এতদিন ধরে পুরাতন রেল স্টেশন জুড়ে চলে আসছিল রমরমা মাদক ব্যবসা। এমনই অবস্থায় দাঁড়িয়েছিল যে,হাত বাড়ালেই সহজে মিলতো গাজা,ফেন্সিডিল ও ইয়াবা সহ যে কোন মাদক। সরকারের মাদক বিরোধী অভিযানের ফলে এ ব্যাবসায় তার এখন কিছুটা ভাটা চলছে। কিন্তু থামেনি তার অন্যান্য অপকর্ম। খোদ টাইগারপাসস্থ রেল পুলিশ সুপারে কার্য্যালয়ের অতি সন্নিকটে রেল ষ্টাফ কোয়ার্টারের(গুরাইন্যা গেট) ১ নং গেটে নব দিগন্ত ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে চালাচ্ছে সে “ডাব্বা” নামের জুয়া খেলা।
সূত্রটি জানায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জনৈক মনির,বাবু,মানিক,পলাশ ও আরিফকে অংশীদার হিসেবে নিয়ে এবং নিজে টাকা ইনভেষ্ট করে দীর্ঘদিন যাবত এই “ডাব্বা”(জুয়া) খেলা চালিয়ে আসছে। এসব জুয়া খেলার কারণে এলাকায় ছিনতাই, চুরি ও মাদকাসক্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সে অপরাধীদের সহযোগী হয়ে নিয়মিত চাঁদাবাজি করছে বিভিন্ন ক্রাইম পয়েন্টে। খোদ জি.আর.পি থানার সন্নিকটে রাত্রিবেলা আশিকের মা’র বাংলা মদের ব্যবসা,জুয়া খেলার আসর, থানা এলাকায় চোরাই মার্কেটের সিন্ডিকেট থেকে নিয়মিত চাঁদা আদায়ের মাধ্যমে তাদের ব্যবসায় সহযোগীতা করে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে জি.আর.পি থানা এ ব্যাপারে নির্বিকার রয়েছে। এছাড়া হালিশহর ও ভেলুয়ার দিঘী এলাকায় রেলের ইঞ্জিনের তেল চোরদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায়ের মাধ্যমে তাদের ব্যবসায়ও সহযোগীতা করে যাচ্ছে বলে জানা গেছে।
তাই এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিজ্ঞ মহল।


