চরফ্যাশনে নিখোঁজ হওয়া ২১ জেলে এখনো উদ্ধার হয়নি

তরিকুল ইসলাম হৃদয়, চরফ্যাসন প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২১ জেলের সন্ধান মেলেনি ১৫ দিনেও। নিখোঁজদের মধ্যে চরফ্যাশনের ২১ জেলে রয়েছে এবং লালমোহনের চার জেলে । সেই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেরা বেঁচে আছেন নাকি সলিল সমাধি ঘটেছে, তাও জানে না পরিবারের কেউ। অশ্রু ভেজা নয়নে স্বজনদের এমন অপেক্ষার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। কারো অপেক্ষা স্বামীর জন্য, কারো সন্তানের, আবার কারো বা বাবার জন্য। প্রিয়জনের ফেরার অপেক্ষার প্রহর গুনছেন তারা।

কিন্তু ১৫ দিনেও ফিরে না আসায় অজানা শঙ্কায় রয়েছেন তারা। স্বজনদের হারিয়ে শোকে স্তব্দ পরিবারের সদস্যরা। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। তবে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিখোঁজ জেলের স্বজনরা জানান, গত ২০ অক্টোবর চরফ্যাশনের নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান তারা। ওই ট্রলারে ছিলেন ২২ জেলে। ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তারা।

অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে দুর্যোগ উপেক্ষা করেই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা। এরপর থেকে ১৪ দিন পেরিয়ে গেলেও তাদের আর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের না পেয়ে তাদের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা। তারা বেঁচে আছেন নাকি সলিল সমাধি হয়েছে তা বলতে পারছেন না স্বজনরা। দুর্ঘটনার পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তাদের। তবে তারা যেন জীবিত ফিরে আসে এমনই প্রত্যাশা তাদের।

ট্রলারডুবির ঘটনার পর থেকে তাদের খবর কেউ নিচ্ছে না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জেলে পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজদের উদ্ধারের দাবি তাদের। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের তথ্য পেয়ে আমরা তাদের সন্ধান পেতে মৎস্যবিভাগসহ বিভিন্ন স্পটে যোগাযোগ রাখছি। জেলেদের উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সন্ধান পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্রলার ডুবির ঘটনায় লালমোহনের পাঙ্গাশিয়া গ্রামের চার জেলে ও চরফ্যাশনের নুরাবাদ গ্রামের ১৭ জেলে রয়েছে। এরমধ্যে একজন জীবিত উদ্ধার হলেও বাকিদের সন্ধান নেই।