চাল কালোবাজারির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তিঃ খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ ওএমএসের চাল কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঘোষিত কেজি প্রতি ১০ টাকা মূল্যে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি এ নির্দেশ দেন।
সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) কাছে পাঠানো চিঠিতে মন্ত্রী এ নির্দেশ দেন বলে শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ দেখা দিয়েছে এবং এর প্রতিরোধে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। গত ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ওএমএস খাতে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি চালের মূল্য ৩০ টাকার স্থলে ১০ টাকা নির্ধারণ করার ঘোষণা দেন।
এর পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় পরিচালিত ওএমএস খাতে চালের মূল্য কেজি প্রতি ১০ টাকায় নির্ধারণ করা হয়। সাধারণ ছুটির কারণে গৃহে অবস্থানকারী সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহণ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও অন্যান্য সব কর্মহীন মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম গ্রহণ করে।
এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিভাগীয় ও জেলা শহর এবং জেলা শহর বহির্ভূত পৌরসভাসমূহে সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি ও তদারকিতে বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একজন ভোক্তা সপ্তাহে একবার মাত্র ৫ (পাঁচ) কেজি চাল ক্রয় করতে পারবেন। ওএমএস কেন্দ্রসমূহ নিম্ন আয়ের জনগোষ্ঠী, শ্রমজীবীদের বসবাস কেন্দ্রের নিকটস্থ বস্তি এলাকায় অথবা পর্যাপ্ত খালি জায়গা আছে এমন স্থানসমূহকে অস্থায়ী বিক্রয় কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে।
চিঠিতে খাদ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ইদানিং কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করছে। যা এ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করছে।
ইতোমধ্যে দেশের কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে। তিনি খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রমে যেকোনো প্রকার অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন।