চিলমারীতে সরকারী রাস্তা নির্মানে বাধা, ভোগান্তিতে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সরকারী রাস্তা নির্মান কাজে বাধা দেয়ায় বিপাকে পড়েছে ভূক্তভোগী এলাকাবাসী ও ঠিকাদার। ঘটনাটি ঘটেছে, উপজেলার সবুজপাড়া মন্দিরের মোড় এলাকায়।

জানাগেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজপাড়া মন্দিরের মোড় থেকে পূর্ব দিকে হামিদুল ইসলামের বাড়ী হয়ে চিলমারী বালিকা বিদ্যালয় যাওয়ার সরকারী রেকর্ডভূক্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনের লক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিবি)’র আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৬ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির ১১০ মিটার এলাকা পাকাকরনের জন্য টেন্ডার হয়।

সে মোতাবেক ঠিকাদার ৮ফুট প্রস্তের রাস্তাটির কাজ শুরু করেন। চলমান কাজ কিছুদুর এগুলে স্থানীয় বাবলু মিয়া ও সফিকুল ইসলাম তাদের বাড়ী সংলগ্ন এলাকায় ৫০ফুট রাস্তা নির্মানে বাধা সৃষ্টি করে খুটি এবং বেরা চাপিয়ে দেয়। সামান্য বৃষ্টি হলেই সে জায়গায় হাটু পানি জমে যায়। ফলে ওই বাড়ীর পূর্ব দিকের শধাধিক পরিবার বিপাকে পড়ে।

বিবাদমান পরিস্থিতি নিরসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে গেলে বাবলু ও সফিকুলের স্ত্রী উত্তেজিত হয়ে ওই রাস্তাটি তাদের জমিতে বলে জানালে চেয়ারম্যান বিব্রত বোধ করেন। এলাকাবাসী মমিনুল ইসলাম, মিজানুর রহমানসহ অনেকে জানান, সরকারীভাবে রেকর্ডকৃত রাস্তার কাজ কেউ আটকাতে পারে না। তারা চলমান কাজটি সম্পন্ন করনে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

ঠিকাদার মোক্তার আলী বলেন, রাস্তাটির দুই পাশ্বের কাজ শেষ হয়েছে মাঝের ৫০ ফুট রাস্তার কাজের জন্য আমার মিস্ত্রিরা বসে আসে। তাছাড়া জুন মাস শেষ হয়ে যাচ্ছে কাজটি দ্রুত করা প্রয়োজন।