আন্তর্জাতিক ডেস্ক : ১২৮ পণ্যে চীনের অতিরিক্ত শুল্কারোপের কড়া জবাব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটি ১ হাজার ৩০০ চীনা পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে প্রকাশিত এ তালিকা এখনো চূড়ান্ত না হলেও এদের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কারোপ করে ২০১৮ সালে প্রায় ৫০ বিলিয়ন ডলার অর্থ আদায়ের চিন্তাভাবনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।
মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের তালিকার মধ্যে চীনা শিল্পপ্রযুক্তি, পরিবহন ও চিকিৎসা পণ্যসামগ্রী রয়েছে। চীনের উৎপাদননীতি পরিবর্তনের লক্ষ্যে প্রবর্তিত এই তালিকার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। তারা মার্কিন এই পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
চীনের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, তারা ‘শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধেও একই তীব্রতা ও মাত্রার পদক্ষেপ’ নেবেন।
চীনের বার্তা সংস্থা জিনহুয়ায় প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী পদক্ষেপের জবাব দেওয়ার আত্মবিশ্বাস ও সামর্থ্য আমাদের রয়েছে।’
ঠিক কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে পরিষ্কার করে না জানালেও অর্থনীতিবিদরা মনে করেন যুক্তরাষ্ট্রের সোয়াবিন, বিমান ও নানা যন্ত্রপাতি চীনের প্রধান লক্ষ্য হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের মাধ্যমে চীনের সঙ্গে দেশটির ‘বাণিজ্যযুদ্ধ’ এক প্রকার চরম রূপ নিল। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দুটি দেশের এমন ‘বাণিজ্যযুদ্ধে’ বিশ্ববাজার ব্যবস্থা অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যে চীনা পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার বাজার কিছুটা হোঁচট খেয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শুকরের মাংস, মদ, ফল, বাদামসহ যুক্তরাষ্ট্রের ১২৮ পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কোরোপ করে চীন। গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চীনা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্কারোপের প্রতিবাদে এ পদক্ষেপ নেয় বেইজিং।
তথ্যসূত্র : রয়টার্স ও নিউজ ১৮


