চেক জালিয়াতি মামলার আসামি আটক

চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফজাল হোসেন বকুলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক আফজাল হোসেন বকুল কিশোরগঞ্জের কটিয়াদী থানার বনগ্রাম (চন্ডিবাগ) এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অধিনায়ক জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগর কোর্টে ২০০৭ সালে চেক জালিয়াতির ঘটনায় একটি এনআই অ্যাক্ট মামলা হয়। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।