চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নে উপ-নির্বাচনে রহিমা খাতুন ইউপি সদস্য

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের ৩নং বহিলাপোতা ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে রহিমা খাতুন ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি উক্ত ওয়ার্ডে টিউবঅয়েল মার্কা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌছে ৫২৫ ভোট পেয়ে স্বামীর সদস্য পদটি দখল করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির জাহান মোল্লা ভোট পেয়েছেন ৩০৬। অপর প্রতিদ্বন্দ্বী শাহিন পাটোয়ারি পেয়েছেন ২১৯ ভোট। রহিমা খাতুনের স্বামী ওসমান গনি ২০১৬ সালের ৪ জুনের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে ওসমান গণি পরোলোক গমন করায় ৩ নং বহিলাপোতা ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়। বর্তমানে স্বামীর সদস্য পদে স্ত্রী রহিমা বিপুল ভোটে নির্বাচিত হতে পেরে খুবই খুশি। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও চৌগাছা উপজেলা সমবায় কর্মকর্তা সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।