চৌগাছায় অভিনভকায়দায় বেগুনের বস্তায় ফেন্সিডিল ব্যবসা, আটক ২

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে চৌগাছার পুড়াপাড়া বাজার থেকে তাদেরকে ১২০ বোতল ফেন্সিডিলসহ  আটক করা হয়। আটকের মাদক ব্যবসায়ী দুইজন হলো উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ীপুকুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৩০) এবং আব্দুল মালেকের ছেলে সাজু (২২)। স্থানীয় নানান সূত্রে জানা যায়, জাকারিয়া মাদক কারবারের সাথে জড়িত। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপনসূত্রে খবর পেয়ে চৌগাছা থানার এসআই মোঃ কওছার আলম, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ আঃ আলিমকে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পেয়ে চৌগাছা থানা পুলিশ উপজেলাধীন পুড়াপাড়া সোনালী ব্যাংকের সামনে হতে একটি নছিমন গাড়ীতে বেগুনের বস্তার মধ্যে অভিনবকায়দায় রক্ষিত ১২০ বোতল ফেন্সিডিলসহ আসামী জাকারিয়া ও সাজুকে গ্রেফতার করে। তিনি আরও নিশ্চিত করেন আসামী জাকারিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী জাকারিয়া এবং সাজুর বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে। মামলা নং ০৩।