চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে রয়েছেন। তিনি মার্কা পেয়েছেন আনারস। ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে, গ্রামে, পাড়া-মহল্লায় ও হাট-বাজারে শুরু করেছেন গণসংযোগ। অতীতে উপজেলা আওয়ামীলীগের হাল ধরে রাখা, দূর্দিনে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সঙ্গী হিসাবে থাকা, অপারেশন ক্লিন হার্টে চৌগাছা উপজেলার আওয়ামীলীগের কর্ণধর হিসাবে নির্যাতনের শিকার হওয়া সেই ব্যক্তি আজ নিজের অনুকূলে ভোট প্রার্থনার জন্য ভোটারদের কাছে ছুটছেন তিনি। আশা রাখছেন ভোটারদের কাছে। বৈমুখ করবেন না ভোটাররা এটাই তার ধারণা
তার সমর্থকরা জানান, গতকাল বৃহস্পতিবার তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে, পাড়া মহল্লায় ও হাট-বাজারে গণসংযোগ করেছেন। এছাড়া আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকেই গণসংযোগের কার্যক্রম শুরু করেছেন। তার নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারের কাছে গিয়ে তিনি আনারস প্রতীকে ভোট চাচ্ছেন। আগেই দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার তৃর্ণমূল পর্যন্ত রয়েছে ব্যাপক দলীয় সমর্থন- এমনটিই জানান নেতাকর্মীরা।
আজ শুক্রবার চৌগাছা বাজারে গণসংযোগকালে এক প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা এস এম হাবিব বলেন, জনগণ আমার সাথে আছে। অত্র উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছি। হামলা, মামলা, জেল জুলুম, ক্লিনহার্ট অপারেশনের নির্যাতন সহ্য করে আজীবন দলকে ভালোবাসি। দলীয় নেতাকর্মী সৃষ্টি করেছি। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, নৌকার মাঝি যদি নড়বড়ে হয় তাহলে স্রোতের মাঝে নৌকা বার বার পাক খাবে। উন্নয়নের তরী এগিয়ে নেয়া সম্ভব হবে না। তাই দলীয় নেতাকর্মীদের কথা বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।
গণসংযোগের মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার তার প্রতিক্রিয়ায় বলেন, এস এম হাবিব দলের জন্য ফ্যাক্টর। তার কোনো বিকল্প নেই। দলের নেতাদের মধ্যে দলীয় মনোনয়ন পেলে ভালো লাগতো। কিন্তু যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কোনো দলের সদস্যও নন। এটাই আফসোস। আমার বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে এস এস হাবিব বিজয় লাভ করবেন। উপজেলার জনগণ জানে, কে দলের নেতা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বকুল, আওয়ামী লীগ নেতা মইনুল হাসান বাচ্চু, আব্দুল মতলেব, হাফিজুর রহমান, আবু জাফর, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম, দেওয়ান আনিচুর রহমান, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক, জি এম গোলাম মোস্তফা, সার্জেন্ট (অব.) আতিয়ার রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খানম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেনসহ আরও অনেকে।


