চৌগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের দুই প্রকার বৃত্তি প্রদান করা হয়। বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম মহব্বত আলীর সভাপতিত্বে এই বৃত্তি প্রাদান অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃত্তি প্রদানের ক্ষেত্রে অর্থ ডোনেট করার দুই পরিবার হলো উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের কাবিলপুর গ্রামের সোবহান-সখিনা পরিবার এবং ধূলিয়ানী গ্রামের নূরুল-সাজেদা পরিবার। সোবহান-সখিনা পরিবারের পক্ষে অর্থ ব্যয় করেছেন ঐ পরিবারের আমেরিকা প্রবাসী আকরাম হোসেন। তিনি কাবিলপুর গ্রামের আব্দুস সোবহান ও সখিনা খাতুনের ছেলে।

তার শিক্ষার্থী জীবনে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। ভুলে থাকা যায় না সোনালী দেশ, স্বাধীন দেশ, সোনার বাংলাদেশকে। ভুলে থাকার নয় নিজের বিদ্যালয়কে। তাই নিজের দেশের টানে, নিজের সমাজের টানে, নিজের নাড়ির টানে, নিজের অস্তিত্বের টানে, নিজের বিদ্যালয়ের টানে সুদুর আমেরিকা থেকে দানের হাত বাড়িয়ে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যেশ্যে। এই বিশিষ্ট মেধাবী, সম্পদশালী, সামাজিক উন্নয়নের কারীগর আকরাম হোসেন বৃত্তি প্রদানের কাজ শুরু করেন ২০০৭ সাল থেকে এবং অদ্যাবধি এই বৃত্তি প্রদানের জন্য আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে। বর্তমান বছরে তিনি বৃত্তির জন্য (নবম-দশম) শ্রেণির শিক্ষার্থী প্রতি ২০০০ টাকা, (৬ষ্ঠ-৮ম) শ্রেণির শিক্ষার্থী প্রতি ১৫০০ টাকা করে মোট ৮৯৫০০ টাকা ব্যয় করেন। অপরদিকে নুরুল-সাজেদা বৃত্তির টাকা প্রদান করেছেন ধূলিয়ানী গ্রামের নুরুল হোসেন ও সাজেদা খাতুনের আমেরিকা প্রবাসী ছেলে শরিফুল ইসলাম। তিনিও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং নুরুল-সাজেদা বৃত্তির আর্থিক অনুদান শুরু করেন ২০১৭ সাল থেকে। এই বছরে শিক্ষার্থী প্রতি ১০০০ টাকা করে মোট ১৫০০০ টাকা অনুদান দেন।

একই সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ১০০০ টাকা করে দুই জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৭০ জনকে বৃত্তি প্রদান করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সোবহান-সখিনা পরিবারের সদস্য মোঃ আবু সাঈদ বিদ্যালয়ের প্রতি শ্রেণির (১-৩) রোলধারী শিক্ষার্থীকে “মেধাবী পুরস্কার” হিসাবে ৫০০ টাকা করে বিতরণ করেন। জানা যায়, প্রতি বছর এই দুই প্রকার বৃত্তি ও “মেধাবী পুরস্কার” বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মহসীন আলী। তিনি প্রধান অতিথির বক্তব্যে সোবহান-সখিনা বৃত্তি প্রদানের ইতিহাস তুলে ধরেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম মহব্বত আলী, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রতি বছর বিদ্যালয়ের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সমস্ত কার্যক্রম প্রচালনার দায়িত্বে থাকা সহকারী শিক্ষক আব্দুল আজিজ, ফারুক হোসেন। সবশেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আবুল আলীম।