আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি” শ্লোগানকে সামনে রেখে উপজেলা মিলনায়তনে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সমগ্র উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আটটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি কলেজ ও চৌগাছা সিএম আইটি কলেজ মিলে মোট চৌদ্দটি শিক্ষাপ্রতিষ্ঠান এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গতকাল অনুষ্ঠানে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের ক্ষুদ্র ক্ষুদ্র আবিষ্কারের প্রদর্শনী হয়। আজ পুনরায় প্রদর্শনী শেষে ফলাফল প্রকাশ করা হয়। কলেজ পর্যায়ে প্রথম হয়েছে চৌগাছা সরকারি ডিগ্রী কলেজ, দ্বিতীয় হয়েছে এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, তৃতীয় হয়েছে মৃধাপাড়া মহিলা ডিগ্রী কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছে হাজী সরদার মর্ত্তেজ আলী মাধ্যমিক বিদ্যালয়,
এছাড়া আজকে দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯। এই অলিম্পিয়াড প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে পাঁচ জনকে এবং মাধ্যমিক পর্যায়ে পাঁচ জনকে বিজয়ী করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় হয়েছে পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। কলেজ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে চৌগাছা সরকারি ডিগ্রী কলেজের চার শিক্ষার্থী এবং পঞ্চম স্থান অধিকার করেছে এবিসিডি ডিগ্রী কলেজের একজন শিক্ষার্থী।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


