চৌগাছায় বজ্রপাতে এক কিশোর নিহত

জেলা প্রতিবেদকঃ যশোরের চৌগাছা উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আরও অন্তত পাঁচ কৃষি শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা মোড়ের পার্শ্ববর্তী মাঠের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান উপজেলার আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের কৃষি শ্রমিক আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার হোসেন। এদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সিএমএইচে ভর্তি করেছেন।

স্থানীয় ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, কৃষক ও কৃষি শ্রমিকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খলিলুর নিহত হয়। এসময় মাঠে থাকা ২৬ থেকে ২৭ জন কৃষকের সবাই কমবেশি আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করেন।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ টহলরত সেনা সদস্যদের টিম ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সিএমইচে নেয়া হয়। অন্য আহত রোস্তমকে যশোর জেনারেল হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। এছাড়া বাবুল ও মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।