চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছার ৫ টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৭ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ এবং উপ-পরিচালক নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটায় অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সদর দপ্তরের পক্ষে অভিযান চালানো এই ম্যাজিস্ট্রেট। অভিযানে কোনো ভাটা সম্পূর্ণ এবং কোনো ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়।
সম্পূর্ণ ভেঙে দেওয়া ইটভাটা হলো উপজেলার কমলাপুর মোড়ের ‘এইচএম হাওয়া ব্রিকস’। আর আংশিক ভেঙে দেওয়া ভাটা দুটি হলো কমলাপুর মোড়ের ‘এমডব্লিউইউ ব্রিকস’ ও টেঙ্গুরপুর মোড়ের ‘সরদার ব্রিকস’।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পেটভরার ‘রাজ মল্লিক হাওয়া ব্রিকস’কে তিন লাখ টাকা, কমলাপুর মোড়ের ‘এমডব্লিউইউ হাওয়া ব্রিকস’কে চার লাখ টাকা, টেঙ্গুরপুর মোড়ের ‘সরদার হাওয়া ব্রিকস’কে পাঁচ লাখ টাকা, কমলাপুর মোড়ের কাশেম হাওয়া ব্রিকসকে এক লাখ ৯৫ হাজার টাকা এবং চাঁদপুরের ‘এমডব্লিউইউ হাওয়া ব্রিকস’কে চার লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ জানান, জরিমানার টাকা নগদে আদায় করা হয়েছে।


